করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮২ জন।
একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৩৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮১১টি। এখন পর্যন্ত দেশে মোট ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন সাতজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৩ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২০০ জন ও নারী ১ হাজার ৯৮২ জন।
এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব চারজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন। এছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এমবি





