নরসিংদীতে রিনভী আক্তার দীপা হত্যা মামলায় আল-আমিন নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাতেমা নজীব এই রায় দেন।

মৃত্যুদ-প্রাপ্ত আল-আমিন বেলাবো উপজেলার বাজনাবো গ্রামের আলাউদ্দিনের ছেলে।সে এলাকার আখের রস বিক্রেতা ছিল।

নরসিংদীর বেলাবোতে গত বছর ৮ মে একই গ্রামের সৈয়দ শামসুজ্জামানের মেয়ে দীপাকে কুপিয়ে হত্যা করে স্থানীয় বখাটে আল-আমিন। ঘটনার রাতেই এলাকাবাসী ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় দীপার বড় ভাই আতিকুজ্জামান বাদী হয়ে আল-আমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, দীপা মনোহরদী উপজেলার পাঁচকান্দী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে টাঙ্গাইলে বোনের বাড়িতে থেকে সে কোচিং করছিল।

আল-আমিন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে দীপাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়। ঘটনার দিন বিকালে দীপা তার এক বান্ধবীকে নিয়ে গ্রামে হাঁটতে বেরোলো আল-আমিন পেছন দিক থেকে দা দিয়ে দীপাকে এলোপাতাড়ি কোপায়।

তাদের চিতকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এমবি