ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় কর্মদিবসে অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বে তিন সদস্যের দলটি ঘটনাস্থলে গিয়ে রেলওয়ের কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য-উপাত্ত নেয়।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মিতু মরিয়ম বলেন, ‘যথা সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আগামী রোববার তৃতীয় কর্মদিবস শেষে তদন্ত প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনা তদন্তে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে দুটি ট্রেনের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৬ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়।

এএইচ