বোমা মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকির পর চট্টগ্রাম আদালত ভবন চত্বর থেকে ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াছ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন তল্লাশি জোড়দার করা হলে ওই বিপুল পরিমাণ টাকাসহ ইলিয়াছকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে আটক ইলিয়াছ দাবি করেছেন তিনি আদালত ভবনে জমি রেজিস্ট্রি নিতে এই বিপুল অংকের টাকা নিয়ে এসেছিলেন। জমির লেনদেনের জন্যই এই টাকা তিনি নগদ বহন করছিলেন।

কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানিয়েছেন, ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে টাকাসহ আটক ব্যক্তির সঙ্গে আদালতে বোমার হামলার হুমকির কোনো সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

সকালে চট্টগ্রাম আদালতের এই আইনজীবীর মোবাইল ফোনে জেএমবি সদস্য পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়। এরপর প্রায় ৩ শতাধিক পুলিশ আদালত ভবনের নিরাপত্তায় নিয়োজিত হয় এবং আদালত চত্বরে ব্যাপক তল্লাশি অভিযান চালায়।

জেআই