বরিশালের হিজলা উপজেলায় অমতে বিয়ে ঠিক করায় বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে সে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

বৈশাখী আক্তার (১৪) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামের কবির সিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখীর মা বিদেশ থেকে ফিরে আসা তার বোনের (উম্মে হাবিবা) ছেলের সঙ্গে বৈশাখীর বিয়ে দিতে চান। এজন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু বৈশাখী এ বিয়েতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এর জের ধরে অভিমান করে বৈশাখী আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি (তদন্ত) মো. ফোরকান আলী জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এমই