চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাট উপজেলা সদরের করোনেশন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শিবির সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে সন্দেহজনকভাবে ১৫ জনকে আটক করার পর যাছাই-বাছাই শেষে রাত ১০টার দিকে পাঁচজনকে ছেড়ে দিয়ে ১০ জনকে আটক রাখে পুলিশ। হাটহাজারি সার্কেলের এএসপি (সার্কেল) নিজাম উদ্দিন ১০ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলার ‘ক্যারিয়ার প্ল্যানারি বিজয় আড্ডা’ নামক একটি সংগঠন করোনেশন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে প্রস্তুতিমূলক একটি সভার আয়োজন করে। এই সভা থেকে পরীক্ষার্থীদের মধ্যে নানা শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।

জামায়াত-শিবিরের কর্মীরা এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সভা করছে- এমন গোপন খবরের ভিত্তিতে এই অনুষ্ঠানে হানা দেয় পুলিশ। এই সময় ধাওয়া করে পুলিশ এসএসসি পরীক্ষার্থীসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০ টার দিকে যাছাই-বাছাই শেষে পাঁচজন পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হলেও শিবিরকর্মী সন্দেহে ১০ জনকে আটক করে রাখা হয়।

আটককৃতরা হলেন- রমিজ আহমেদ তারেক, ইমরান হোসেন, শাখাওয়াত হোসেন, ফয়সাল, আরিফ, সিফাত উল্লাহ তানিম, মিনহাজুল ইসলাম, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান শরীফ। আটকৃত সবার বয়স ১৮ থেকে ২৩ বছর।

কেএইচ