ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর কয়েকটি এলাকায় কোরবানীর পশুর চামড়া বহনকারী যানবাহনের সমাগমের ফলে সংশ্লিষ্ট এলাকায় যানজট সৃষ্টির আশংকা করা হচ্ছে।

এ আশংখা বিবেচনায় নিয়ে লালবাগ ও হাজারীবাগ থানা এলাকায় ঈদের দিন দুপুর ১২ টা হতে ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টা পর্যন্ত চামড়া বহনকারী যানবাহনসমূহ একমুখী চলাচলের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত পশুর চামড়াবাহী যানবাহন গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ীর সামনে দিয়ে নবাবগঞ্জ রোড হয়ে বটতলা ক্রসিং দিয়ে শেরেবাংলা রোড ধরে “ট্যানারী শিল্প এলাকায়” প্রবেশ করবে।

চট্টগ্রাম ও সিলেট জেলা হতে আগত পশুর চামড়াবাহী যানবাহন পলাশী ক্রসিং ও আজিমপুর ক্রসিং হতে বিজিবি সিনেমা হলের পাশ দিয়ে পিলখানা রোড ধরে চামড়া শিল্প এলাকায় প্রবেশ করবে।

অন্যান্য ক্ষেত্রে আগত পশুর চামড়াবাহী যানবাহন ঝিগাতলা ক্রসিং দিয়ে ঝিগাতলা কাঁচাবাজার হয়ে হাজারীবাগ ট্যানারী শিল্প এলাকায় প্রবেশ করবে।

পোস্তা এলাকার পশুর চামড়ার মার্কেটগামী যানবাহন ঢাকেশ্বরী রোড দিয়ে লালবাগ চৌরাস্তা হয়ে শায়েস্তাখান রোড ধরে প্রবেশ করবে।

চামড়া বহনকারী গাড়ী বাহির হবার ক্ষেত্রে আলাদা নির্দেশনা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “ট্যানারী শিল্প এলাকায়” আসা যানবাহন মালামাল খালাস করে কালুনগর রোড অথবা রায়ের বাজার টালি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে গন্তব্যে ফেরৎ যাবে।

পোস্তা এলাকার “চামড়া মার্কেট” থেকে বহিঃগামী যানবাহন ওয়াটার ওয়ার্কস রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানার পাশ দিয়ে নাজিমউদ্দিন রোড হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বেরিয়ে আসবে। ওয়াটার ওয়ার্কস রোড হতে আলীর ঘাট ইসলামবাগ দিয়ে বেরিয়ে আসবে।

জেইউ