পটুয়াখালীর বাউফল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের পুকুর থেকে তিন বোনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তিনজন একই গ্রামের আবদুর রাজ্জাক খানের মেয়ে মাহফুজা বেগম (১৭) ও মোখলেছুর রহমান খানের দুই মেয়ে মরিয়ম (১৭) ও মারিয়া (১২)। সম্পর্কে তারা চাচাতো বোন।

মৃত মাহফুজা কর্পূরকাঠি মানছুরিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। মরিময় কালাইয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির এবং মারিয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সোমবার বেলা ৩টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায় তিন বোন। এরপর তারা পুকুরে ডুবে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজির পর সোমবার সন্ধ্যা ৭টার দিকে পুকুর থেকে তিন বোনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

কর্পূরকাঠি মানছুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরউল্লাহ বলেন, তিন বোনের সাঁতার জানা ছিল না। তারা পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেছে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এমআর