রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি দুই পুলিশ কর্মকর্তা ও রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে তলব করেছে।

আজ মঙ্গলবার বিকালে মানবাধিকার কমিশন এই তলব নোটিশ পাঠিয়েছে।

আগামী বৃহস্পতিবার তাদের সশরীরে মানবাধিকার কমিশনে উপস্থিত থাকতে বলা হয়েছে। ধর্ষণের ঘটনার বিষয়ে জানতে তাদের তলব করা হয়েছে।

দুই পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশের গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ ও বনানী থানার ওসি বিএম ফরমান আলী।

অন্যদিকে দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও ম্যানেজার ফ্রাংক ফরগেটকে তলব করা হয়েছে।

এর আগে ধর্ষণের ঘটনা তদন্ত করতে ৮ মে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সচিব (সহকারী পরিচালক-অভিযোগ ও তদন্ত) এম রবিউল  বলেন, তদন্তের ধারাবাহিকতায় দুই পুলিশ কর্মকর্তা ও দ্য রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিশনের কার্যালয়ে তলব করা হয়েছে। তদন্ত কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার বিষয়ে জানতে তাদের ডাকা হয়েছে।

 এমবি