মাগুরা সদরের দক্ষিণ নওয়াপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্কুলছাত্র আল আমীন (১২) মারা গেছে।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমীন উপজেলার তিতার খা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং পার্শ্ববর্তী রাজিবের পাড়া গ্রামের ইউনুস সর্দারের ছেলে।

নওয়াপাড়া গ্রামের কামাল হোসেনসহ অনেকে জানায়, গত বৃহস্পতিবার মঘি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নওয়াপাড়া গ্রামের সুমন বিশ্বাসের সাথে আধিপত্য নিয়ে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী ও গ্রাম্য মাতবর আনোয়ার হোসেন টোকনের বিরোধ চলছিল।

গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে আব্দুল হাই বিজয়ী হন। এরপর থেকে নবনির্বচিত চেয়ারম্যানের পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতা সুজনসহ অন্যরা গত ১২ মে বৃহস্পতিবার আওয়ামী লীগ দলীয় আগের চেয়ারম্যান আব্দুল লতিফের সমর্থক টোকন ও তার লোকাজনের বাড়ি ঘরে চড়াও হয়।

এসময় তারা শহিদুর রহমান, আলমগীর হোসেন, রুহল আমীনের বাড়ি দোকান ঘরে ভাংচুর লুটাপাটের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এসময় তারাবানু ও পার্শ্ববর্তী রাজিবের পাড়া গ্রামের স্কুলছাত্র আল আমীন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ওই দিনই আল আমীনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যায় আল আমীন। আল আমিনের বাবা ইউনুছ সর্দার সামাজিক দলীয়সুত্রে টোকনদের পক্ষীয় লোক হিসাবে পরিচিত।

মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় আল আমীনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের সময় আল আমীন ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল।

এমআর