কুমিল্লা থেকে ছিনতাইকৃত একটি বাস সাড়ে ৭ মাস পর কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের একটি গ্যারেজ থেকে গত ১৮ মার্চ রাতে হেলপারের হাত-পা বেঁধে বাসটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের মালিক থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা সদরের ভজলপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাইকৃত বাসটি উদ্ধার করা হয়।

এ সময় ওই গাড়ির চালক কুষ্টিয়া সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার শাহ আবুল, হেলপার উজ্জ্বল, চুয়াডাঙ্গার সুরুত আলীসহ চার জনকে আটক করা হয়।

বাসটির রং বদল করে এবং ভুয়া নম্বর ব্যবহার করে কুষ্টিয়া-রংপুর সড়কে ছিনতাইকারীরা চালাত বলে জানান এসআই শাহ কামাল।

এআর