স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে চট্টগ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ট্রাকচালক নাজিম উদ্দিন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ করে ট্রাকের দরজা খুলে নিচে পড়ে যায় দুই শিশু।
এতে চাকায় পিষ্ট হয়ে মারা যায় তারা। সোমবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর হল- শরীয়তপুর জেলার ঘোষের হাট উপজেলার মাইজারহাট গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আশ্রাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার চালিত ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিলেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে ঢাকা থেকে ট্রাকে করে শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। এ সময় ট্রাকটি তিনিই চালাচ্ছিলেন।
হঠাৎ ট্রাকের দরজা খুলে গেলে সিয়াম ও জেহাদ নিজে পড়ে যায়। এ সময় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
ওসি জানান, পুলিশ লাশ দু'টি উদ্ধার করেছে। ট্রাকটি ও চালক নাজিম উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এএস





