সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
পরে তাদের জেল-জরিমানা করা হয়। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে।অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
র্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানকালে মাদক সেবন ও বিক্রির দায়ে ১০০ জনকে আটক করা হয়েছে। এরপর দুইজন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে এবং ৭৬ জন মাদকসেবীকে এক থেকে তিনমাস করে কারাদণ্ড এবং বাকিদের অর্থদণ্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দীর্ঘদিন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন করে যাচ্ছে।
আর সে সুযোগে খুচরা মাদক বিক্রেতারা সু-কৌশলে সেখানে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
জেড





