পাবনা সদর উপজেলার ভাঁজপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই নবাব আলী (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নবাব আলী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে আতিয়ার হোসেন বলেন, বাড়ির জমি নিয়ে আমার বাবার (নবাব আলী) সঙ্গে ছোট চাচা আব্দুল লতিফের কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে ছোট চাচার সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা বাবাকে লোহার রড দিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হলে বাবাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইআর





