রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আট সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার (৬ জুন) কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৫ জুন) রাতে ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় র্যাব এবং ৮ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৯-এর বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (১৯), মৃত লোকমানের ছেলে হোসেন আহমেদ (৪৩), নুর মোহাম্মদের ছেলে আবদুল আমিন (৪১), মৃত মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সলিম (২২), নুর বশরের ছেলে নুর হুদা (২৪), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সালেহ (২৫), কুতুপালং ক্যাম্প-৪ এলাকার আবু সামাদের ছেলে ফায়েজুল আমিন (৩২) ও ক্যাম্প-১৩ এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৪)।
সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবিএস





