বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা । গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিবাদ কমে যাবে বলে সরকারের উদ্দেশে তিনি বলেন। তাছাড়া জঙ্গি দমন করা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মওদুদ আহমদ। বর্তমান সরকারের আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সঙ্কলন করে এই বইটি প্রকাশ করা হয়েছে। বইটির নাম রাখা হয়েছে ‘র্যাম্প্যান্ট করাপশন অফ আওয়ামী রুল, পার্ট-১’।
বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা জাকির হোসেন, চিত্রনায়ক উজ্জ্বল প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, এই সরকার গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করতে চায়। কিন্তু বিএনপিকে নির্মূল সম্ভব হবে না। বিগত নয় বছরে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, তারপরও বিএনপিকে নিঃশেষ করা যায়নি।
তিনি বলেন, বতর্মানে দেশে যে জঙ্গিবাদ-উগ্রবাদের সমস্যা বিরাজ করছে তা নিরসন একমাত্র রাজনৈতিকভাবেই সম্ভব। জঙ্গিরা কোনো দলের লোক নয়, এদের নির্মূল করতে হবে। এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।
দেশে শক্তিশালী বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ‘শক্তিশালী বিরোধী দল থাকলে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনো মাথাচাড়া দিতো না।
এসএ





