গণমাধ্যম দমন করতে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক একটি সংগঠন 'আর্টিকেল ১৯'।

রোববার ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ-২০১৪’ শিরোনামে ‘আর্টিকেল ১৯’ প্রতিবেদন প্রকাশ করে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান।

প্রতিবেদনে বলা হয়েছে, "বাংলাদেশে আশঙ্কাজনকভাবে মত প্রকাশের স্বাধনীতা খর্ব করার প্রবণতা বেড়ে চলছে। ২০১৪ সালে আগের বছরের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ থেকে ৩৩ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রযন্ত্রের হাতে নির্যাতনের মধ্যে ২৩ ভাগই হয়েছে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দ্বারা।"

"এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে সরকারি কর্মকর্তাদের হাতে ১১ শতাংশ আক্রমণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রযন্ত্রের বাইরে আক্রমণের ঘটনা ঘটেছে ৬৬ দশমিক ৩১ ভাগ। এর মধ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হাতে ৩৩ দশমিক ৬৯ ভাগ ঘটনা ঘটেছে।"

তাহমিনা রহমান বলেন, "এমন নির্যাতন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য হুমকি। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে সাংবাদিকদের ওপর হয়রানির পরিমাণ বেড়েছে ১০৬ শতাংশ। এ হয়রানির মধ্যে রয়েছে মানহানি, দেওয়ানি ও ফৌজদারি মামলা। এ ছাড়া ২০১৪ সালে মোট ২১৩ জন সাংবাদিক ও আটজন ব্লগার বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছেন। এর মধ্যে চারজনকে হত্যা করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৪০ জন। আর শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৬২ জন সাংবাদিক।"

জেডআই