আশুলিয়ার নরসিংহপুর ইউনিয়নের বাংলাবাজার গ্রামে ছুরিকাঘাতে বাবুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে বাংলাবাজার গ্রামের মহি পলানের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাসেল নামে প্রতিবেশী এক যুবক এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।ছুরিকাঘাতে আসমা বেগম নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহি পলানের ভাতিজা আব্দুর রশিদ জানান, ভোর ৪টার দিকে মহি পলানের বাড়িতে ডাকাতির জন্য প্রবেশ করেন রাসেল। এ সময় তার উপস্থিতি টের পায় মহি পলানের স্ত্রী আসমা বেগম চিৎকার করেন। আসমার চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভেঙ্গে যায়। ওই বাড়িতে থাকা মহি পলানের শ্যালক বাবুল হোসেন রাসেলকে আটক করার চেষ্টা করেন। রাসেল এ সময় বাবুলের পেটে ছুরিকাঘাত এবং আসমা বেগমের গলায় ছুরির পোঁচ দিয়ে পালিয়ে যান।

পরে বাবুল এবং আসমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবুল মারা যান। আসমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, এটি ডাকাতির কোনো ঘটনা নয়। শুধু একজন ডাকাতি করতে পারে না। আমাদের মনে হচ্ছে-প্রেম ঘটিত বিবাদ কিংবা পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। রাসেল পলাতক থাকায় তার বাবা-মাকে আটক করা হয়েছে।

এমএনজে