হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

উপজেলার বুড়িমারী মহাসড়কের ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাটগ্রাম উপজেলার ফারুক (৩৫), তার স্ত্রী জমিরন (২৭), ছেলে আমির (১২), উপজেলার বাউড়া এলাকার আঞ্জুয়ারা (৩২), বাপ্পী (২৮), মিতু (২২), শিরিন (১৭) হামিদা (১৭)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম মিয়া জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী সীমান্ত পরিবহনের যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে প্রায় ২০ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম ও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

জেআই