পাবনা সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে ঈদ পুনর্মিলনী ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত হয়েছেন।

রোববার রাত ১০টার সময় মনসুর আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মনসুর আলী উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের খোয়াজ প্রামাণিকের ছেলে।

নিহত মনসুরের পরিবারের পক্ষ থেকে জানা যায়, রোববার বিকেলে স্থানীয় স্কুল মাঠে গ্রামেরই দুই দল যুবকের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা হয়। খেলা চলাকালে সামান্য হ্যান্ডবল নিয়ে বসার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মনসুরকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের খবর স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।

এসএইচ