পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঈদের কেনাকাটা নিয়ে পারিবারিক কলহের জেরে দু’শিশুকে বিষপান (কীটনাশক) করিয়ে নিজেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা।

শনিবার (২ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দু’টি মারা গেছে। আর মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে শুক্রবার (১ জুলাই) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী সাড়িয়ালজোত গ্রামে বিষপানে আত্মহত্যা চেষ্টার এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার সাড়িয়ালজোত গ্রামের রহিছ উদ্দীনের সাথে একই গ্রামের রেজিয়া বেগমের বিয়ে হয় । ঈদের কেনাকাটা নিয়ে স্বামী ও শ্বাশুড়ীর সাথে ঝগড়ার এক পর্যায়ে গত শুক্রবার রাতে রেজিয়া বেগম (২৩) তার তিন বছরের শিশু পুত্র সাঈদ ও ১৬ মাসের শিশু পুত্র জুনাইদকে বিষপান (কীটনাশক) করিয়ে নিজেও বিষপান করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাত ১ টার দিকে তাদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শিশু সাঈদ ও জুনাইদ মারা যায়। মা রেজিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, এখনো থানায় কেউ অভিযোগ করেনি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারণা করছি পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটেছে।

এমআইএস