পাবনার ঈশ্বরদীতে সজিব হোসেন সোহাগ (৬) নামে এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ির গুচ্ছগ্রাম একটি ফসলি জমি থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে পুলিশ।

সজিব গুচ্ছগ্রামের আকমল হোসেন ও সিতা খাতুন দম্পতির ছেলে। সে চরগড়গড়ি বৌটুবানি পাঠশালার প্রথম শ্রেণির ছাত্র। সজিবের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পারিবারিক সূত্র জানা যায়, সোমবার বিকেলে সহপাঠীদের সঙ্গে লেখার জন্য বাড়ি হতে বের হয় সজিব। বাড়ি হতে প্রায় এক কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতের পাশে বিকেলে খেলাধূলা করে। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে ক্ষেতে করলা তুলতে গিয়ে স্থানীয় এক কৃষক সোহাগের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) মারফত খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দিন ফারুকীসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমআর