বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা।
পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানায়, ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো থেকে এ অঞ্চলের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে বাস সার্ভিস চালু করে। সম্প্রতি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কেও বিআরটিসি বাস চালু করে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা আপত্তি জানায়। গত তিন দিনেও বিআরটিসি বাস বন্ধ করায় অন্য বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার বেলা আড়াইটা থেকে ঢাকাসহ জেলার বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করে দেন তারা।
ময়মনসিংহ বাস বিভাগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম ও পুলিশের যানবাহন পরিদর্শক (প্রশাসন) মাহবুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা।
বাস বিভাগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম বলেন, ‘তিন মাস আগে ময়মনসিংহ-মুক্তাগাছা রুটে বিআরটিসির বাস চালু করা হয়। নতুন করে আর কোনো রুটে বিআরটিসির বাস চালুর আগে মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছিলাম আমরা। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করে ময়মনসিংহের সব উপজেলায় বিআরটিসির বাস চালু করা হয়েছে।’
রোববার থেকে নেত্রকোনা ও ময়মনসিংহের পথেও বিআরটিসির বাস চালু করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল বিকেল থেকে ময়মনসিংহের সঙ্গে আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান শামসুল আলম।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
এমএম





