নওগাঁর রাণীনগর রেলওয়ে ষ্টেশনের ফুটওভার ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা বিপ্লব হোসেন (২৫) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে রাণীনগর রেলওয়ে ষ্টেশনে ঘটনাটি ঘটে ও সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহত বিপ্লব হোসেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা তার পুরো ঠিকানা জানা যায়নি।

নিহত বিপ্লব হোসেনের সহযোগী একই এলাকার মো: মোশারফ হোসেন জানান, তারা দুইজন ফেনীতে রাজমিস্ত্রির কাজ করতেন।

সোমবার সকালে তারা ঢাকা বিমানবন্দর ষ্টেশন থেকে বাড়ি ফেরার জন্য ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি নওগাঁর রাণীনগর ষ্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে বিপ্লব ছাদের ওপর দাড়িয়ে পড়লে রেলওয়ে ষ্টেশনের ওভার ব্রিজের সাথে ধাক্কা খায়।

এ সময় সে ছাদের ওপর লুটিয়ে পড়ে এবং তার মাথা ফেটে মগজ ছিটকে পড়ে। সান্তাহার ষ্টেশনে পৌছার আগেই বিপ্লব মারা যায়। পরে ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে পৌছেলে ট্রেনের পরিচালক বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করেন।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার (ওসি) মো: আকবর হোসেন জানান, বিকেল পাঁচটার দিকে লাশটি ট্রেনের ছাদ থেকে উদ্দার করা হয়েছে। নিহত বিপ্লব হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী/এসএম