খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল সাড়ে ৯ টায় মাটিরাঙ্গা দেওয়ান বাজার এলাকায় তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু সংখ্যক লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাটিরাঙ্গা যামিনি পাড়া জোনের আওতাধীন দেওয়ান বাজার বিওপির হাবিলদার মোঃ বাবুল মিয়ার নেতৃত্বে বিজিবির জওয়ানরা তাদের আটক করে। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে আটককৃতদের সকলেই খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা দাবি করে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যা মারমা বলেন, তারা সকলেই স্থানীয় সুইং নৃত্য দলের কর্মী। ভারতের এ্যালমারা এলাকায় বৌদ্ধভিক্ষুর দাহক্রিয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য তারা সেখানে গিয়েছিলো। দাহক্রিয়া শেষে দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন টিটু জানান আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনের মামলা করা হবে। তবে আটককৃতরা নিজেদেরকে বাংলাদেশী নাগরিক বলে দাবি করেছে।

আবুবকর/নাজিব