ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট শনিবার সকাল সোয়া ৭টা থেকে চালু হবে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সটির পর্ষদ একথা জানায়।
ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, শনিবার সকাল সোয়া ৭টায় ঢাকা থেকে সৈয়দপুর, সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম-কোলকাতা, বিকাল সাড়ে ৪টায় ঢাকা-যশোর, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-সিলেট, রাত সোয়া ৮টায় ঢাকা-জেদ্দায় ফ্লাইট ছেড়ে যাবে।
এর আগে পদত্যাগের চতুর্থ দিনের মাথায় ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে পুনরায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে ইউনাইটেড এয়ারে। একই সঙ্গে শনিবার থেকে এয়ারওয়েজের ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হয়।
শুক্রবার ৬ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ।
রাত ৯টায় বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন এয়ারওয়েজের কাস্টমার পরিচালক ফরহাদ হোসেন।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





