সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ১৫ মে এ হত্যা মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের আদালতে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য নতুন করে এ দিন নির্ধারণ করেন আদালত।
আজ এ মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। শুনানি উপলক্ষে সোহেল রানাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
গত বছরের ১ জুন ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় গোয়েন্দা পুলিশের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৫৯৪ জনকে।
২০১৩ সালের ২৫ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় আলাদা দুটি মামলা করা হয়।
একটি অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা, অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা।
এ ছাড়া ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ এক হাজার ১৩৪ জন নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে একটি অবহেলাজনিত হত্যা মামলা দায়ের করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় এক হাজার ১৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ওএফ





