কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম ইয়াবা কারবারি বলে দাবি জানান বিজিবি।

নিহত মোহাম্মদ ইব্রাহিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সৈয়দ আলীর ছেলে বলে জানা গেছে।

আজ বুধবার ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার বাহারছড়া খুরেরমুখ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ২ নং বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছে, টেকনাফের খুরেরমুখ এলাকায় বিজিবির চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করতে থামার সংকেত দিলে তা অমান্য করে বিজিবিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে পাচারকারিরা পিছু হটে পালিয়ে যায়। পরে সিএনজিটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় এলজি, তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

এএস