বরিশাল নগরীর রুপাতলীতে হরতাল-অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালক মিজান চৌকিদার (৫০) দগ্ধ হয়েছে। তিনি পটুয়াখালি জেলার ছোটবিঘাই গ্রামের অপু চৌকিদারের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল-দপদপিয়া (পুরাতন ফেরিঘাট) সড়কে এ ঘটনা ঘটে। তিনি বরিশাল নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝাই ঢাকা-ড-১৯৫২ নম্বরের ট্রাকটি দপদপিয়াস্থ এ্যাংকর সিমেন্টের কারখানা থেকে নগরীর চৌমাথা এলাকার হাওলাদার এন্টারপ্রাইজের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি বরিশাল- দপদপিয়া (পুরাতন ফেরিঘাট) সড়কের সোনারগাঁও টেক্সটাইল মিলের কাছাকাছি আসা মাত্র ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা।

এতে ট্রাকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ট্রাকটিকে নামিয়ে দেন এবং দগ্ধ হন। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে এবং চালককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশিদ জানান, দগ্ধ ট্রাকচালক মিজানকে রাত পৌনে ১২টায় হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

জেএ