টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ (০১ ডিসেম্বর) শনিবার সকালে একপক্ষ ইজতেমা ময়দান অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় অপর পক্ষ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এর জের ধরে সকাল ৭টা থেকে বিমানবন্দর সড়কের গাজীপুরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে তারা। রাজধানীর বিমানবন্দর সড়কের একপাশ সড়ক অবরোধ করে রাখায় কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে বিমানবন্দর পর্যস্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা বন্ধ করে রাখায় পায়ে হেটে গন্তব্যে যেতে হচ্ছে এই পথের যাত্রীদের। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেণ, “দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আজ (শনিবার) সকালে এক পক্ষ গাজীপুরের দিকে যাওয়ার সময় অপর পক্ষ তাদের বাধা দেয়। এসময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরপর তাবলীগ জামাতের এক পক্ষ বিমানবন্দর সড়কের একপাশ বন্ধ করে রেখেছে।”
ওসি আরও বলেন, এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। তবে আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাবলীগ জামাতের সা’দবিরোধীরা আগে থেকেই টঙ্গীর ইজতেমা ময়দান দখল করে রেখেছেন। সা’দ অনুসারীরা গতকাল(শুক্রবার) রাত থেকে ইজতেমা ময়দানে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন সা'দবিরোধীরা। এর জের ধরে তাবলীগ জামাতের এক পক্ষ বিমানবন্দর সড়ক অবরোধ করে।
এমবি





