পাবনার চাটমোহরে মৃত বড়াল নদী পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম।

বুধবার সকাল ১০টায় তিনি সিরাজগঞ্জের বাঘাবাড়ি হয়ে চাটমোহরে আসেন। পরে তিনি চাটমোহরের বড়াল নদীর নুরনগর স্লুইসগেট, নতুন বাজার, বোঁথড় ও রামনগরে ক্রসবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি বাঁধ ও স্লুইসগেট অপসারণ করে ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে দুপুরে চাটমোহর ডাকবাংলোতে স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসন ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

মতবনিমিয়কালে তিনি বলেন, বড়াল নদীতে বাঁধ ও স্লইসগেট দেওয়া অবিবেচকের মতো কাজ হয়েছে। বড়াল নদীর ওপর যারা বাঁধ দিয়ে রাস্তা পাকা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরো বলেন, আদালতের নির্দেশকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বড়ালকে আমরা মুক্ত করবোই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহাম্মেদ, কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রাক্তন সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব এসএম মিজানুর রহমান প্রমুখ।

জেআই