ময়মনসিংহে একটি হোটেলে হামলা ও ভাঙচুরের দায়ে মহানগর প্রজন্ম লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলটির নাম একতা হোটেল। এটি ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থিত।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন হোটেল মালিক কবির খান। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম আলীনূর হোসেন রনি।
ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল কুদ্দুস খান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হোটেল মালিক কবির খান জানান, হোটেলের মালিকানা নিয়ে যুবলীগ নেতা আনিছুর রহমান টেপুর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আনিসুর রহমান টেপুর নির্দেশে তাঁর ছেলে আলীনূর হোসেন রনি (৩৬) ও হৃদয়সহ চার-পাঁচজন অস্ত্রধারী তাঁর ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে। ক্যাশবাক্স খুলে টাকা ও টেলিভিশনসহ মালামাল নিতে বাধা দেওয়ায় তাঁর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে।
পরে রক্তাক্ত অবস্থায় কবির খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুনসুর আহমদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় আটক রনি মহানগর প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক।
জেড





