কুষ্টিয়ার ‘হোটেল নেপাল ফেরত'। এটি সদর উপজেলার আইলচারা গ্রামে অবস্থিত। এখানে বিভিন্ন শ্রমিকেরা সকালের নাশতা ও দুপুরে ডাল-ভাত খেতে আসেন।

সরেজমিনে হোটেলটিতে গিয়ে দেখা যায়, মধ্যবয়সী রেজাউল ইসলাম ও ছোট একটি ছেলে শরীফ। দুজনই কর্মব্যস্ত। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, হোটেলটির মালিক কবুরহাট এলাকার আফসার মোল্লা।

ওই হোটেলের মালিক আফসার মোল্লা নামকরণের কাহিনি জানান, গত বছরের মাঝামাঝি দালালের মাধ্যমে তিনি হিলি সীমান্ত দিয়ে নেপালে গিয়েছিলেন। খরচ হয়েছিল ৩৫ হাজার টাকা।

দালালেরা তাঁকে বলেছিল, মাসিক ২০ হাজার টাকা বেতনে কাজ দেওয়া হবে। সেখানে তাঁকে এমব্রয়ডারির কাজ দেওয়া হয়। কিন্তু বেতন দেওয়া হয় ১২ হাজার টাকা। কম বেতনে কিছুই হতো না। এভাবে তিন মাস কাজ করেন তিনি। বছরের শেষের দিকে দেশে ফেরেন।

আফসার বলেন, নেপাল থেকে ফিরে কবুরহাটে বাদশার খাবারের হোটেলে কাজ নেন। কয়েক দিন পর বাদশা টংঘরের হোটেলটি বিক্রি করে দেন। তিনি কিনে নেন। যেহেতু নেপাল থেকে ফিরে এসে কাজ করছেন, তাই এর নাম দেন 'হোটেল নেপাল ফেরত'।

পরে এ হোটেলে কাজ দেন রেজাউল ও শরীফকে। এখানে কবুরহাটের এলাকার চাতাল শ্রমিকেরা সকালের নাশতা ও দুপুরে ডাল-ভাত খেতে আসেন।

এমকে