স্থানীয় সরকার বিভাগের সংবাদ সম্মেলনে সরবরাহ করা ৩০০ শব্দের এক পাতার প্রেস বিজ্ঞপ্তিতে অর্ধশত শব্দের বানান ভুল পাওয়া গেছে।
নগর স্বাস্থ্য বিষয়ক ১২তম আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রেস বিজ্ঞপ্তি সরবরাহ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক প্রেস বিজ্ঞপ্তিটি পড়ে শোনান।
প্রেস বিজ্ঞপ্তিতে ‘আন্তর্জাতিক’ ও ‘সম্মেলন’ শব্দ দুটি বার বার ভুল বানানে লেখা হয়েছে। এতে ‘আন্তর্জাতিক’ শব্দটি ছয়বার ভুলভাবে ‘আর্ন্তজাতিক’ লেখা হয়েছে। ‘সম্মেলন’ শব্দটি ১০ বার ভুলভাবে ‘সন্মেলন’ লেখা হয়েছে।
এ ছাড়া ভুল বানানের মধ্যে রয়েছে- সংস্থাসমুহ (সঠিক বানান সংস্থাসমূহ), অংশগ্রহন (অংশগ্রহণ), অনুরুপ (অনুরূপ), নিদ্ধার্রন (নির্ধারণ), জনগোষ্টী (জনগোষ্ঠী), বিনিমিয় (বিনিময়), উৎযাপিত (উদযাপিত), ভবিষ্যত (ভবিষ্যৎ), কর্মসুচি (কর্মসূচি), জাতিয় (জাতীয়), প্রথম্ (প্রথম), ব্যাঙ্ক (ব্যাংক), অধীনন্থ (অধীনস্থ), ডেলিভারী (ডেলিভারি), স্পীকার (স্পিকার), উদ্ধোধন (উদ্বোধন), ঘোষনা (ঘোষণা), শেসন (সেশন), বিজিনেস (বিজনেস), দুরিকরণ (দূরীকরণ), প্রবন্দ্ধ (প্রবন্ধ), পোষ্টার (পোস্টার), গবেষনা (গবেষণা)। এর মধ্যে কোনো কোনো বানান একাধিকবার ভুল লেখা হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, ‘তৈরি করার পর এটা আমরা দেখিনি। আপনারা ঠিকই বলেছেন। প্রতি লাইনে লাইনে ভুল আছে।’
এক পৃষ্ঠার প্রেস বিজ্ঞপ্তিতে এতগুলো বানান ভুল স্থানীয় সরকার বিভাগের দীনতার প্রকাশ কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘দীনতা তো বটেই।’
সর্বশেষ গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষ ‘সরকারি কাজে ব্যবহারিক বাংলা (বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ)’ নামে একটি বই প্রকাশ করে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ ২০১২ সালের ৩১ অক্টোবর পরিপত্র জারি করে সরকারি কাজের সর্বত্র বাংলা একাডেমির বানানরীতি অনুসরণের অনুরোধ জানায়। এর পরও কয়েকবার এ বিষয়ে তাগাদাও দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
কেএইচ





