গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক মাহেন্দ্র চালকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাটকেলবাড়ী বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আহত ওই চালকের নাম ফরিদ মোল্যা (৩৫)। তিনি সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে মাহেন্দ্র চালিয়ে পাটকেলবাড়ী বাজারে যাচ্ছিল ফরিদ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মাহেন্দ্র থামিয়ে ফরিদকে নিচে নামিয়ে পিটিয়ে ডান উরুর হাড় ভেঙে ফেলে আহত করে। এসময় তার বা হাত ও দুই পায়ের রগ কেটে পালিয়ে যায় তারা। এলাকাবাসী তাকে আহতাবস্থায় উদ্ধার গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই ইদ্রিস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে গ্রাম্য দলাদলি ও মাহেন্দ্র চলাচলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

জেআই