গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা ফেরত না দেওয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনায় সঙ্গে জড়িত ২ যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
নিহত যুবকের নাম জাহিদ হাসান রনি (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ষোলঘর এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
আটককৃতরা হলো চাঁদপুরের হাজিগঞ্জ থানার কাঁঠালি এলাকার দেলোয়ার খন্দকারের ছেলে আনোয়ার খন্দকার (২৪) এবং রাজশাহীর চারঘাট থানার ডাকরা এলাকার মৃত লালন মিয়ার ছেলে রাজু (২৫)।
টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রনি এবং আটক আনোয়ার ও রাজু পূর্বপরিচিত এবং টঙ্গীর মাছিমপুর এলাকায় বসবাস করেন।
গত ২৪ এপ্রিল রনি আনোয়ারের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে যায়। পরে টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
মঙ্গলবার বিকেলে ওই টাকা নিয়ে রনি ও আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছিমপুর এলাকার একটি গলি দিয়ে রনি বাসায় ফেরার পথে আনোয়ার ও রাজু উপর্যুপরি তাকে ছুরিকাঘাত করে।
এ সময় রনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আনোয়ার ও রাজুকে ধরে গণধোলাই দেয়।
স্থানীয়রা রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে রাজু ও আনোয়ারকে আটক করে।
এসএম





