আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের। এদিকে সরকার মেট্রোরেলের যে ভাড়া নির্ধারণ করেছে সেটি ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, কলকাতা থেকে ঢাকায় মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। কলকাতায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫ রুপি বা ৬ টাকা। ঢাকায় সেটি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কলকাতায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ২৫ রুপি বা ৩১ টাকা। অথচ ঢাকায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা ও কলকাতার সামাজিক অবস্থা, মাথাপিছু আয় ও গড় মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় নিলে প্রায় সব সূচকে সমান অবস্থান। অথচ কলকাতার তুলনায় ঢাকার মেট্রোরেলে কিলোমিটারপ্রতি ভাড়া দ্বিগুণ ও সর্বনিম্ন ভাড়া চার গুণ বাড়তি। এতে করে যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এর ফলে লাভবান হবে বেসরকারি লক্কড়-ঝক্কড় বাস কোম্পানিগুলো।

এসময় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ এমদাদুল ইসলাম, গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক প্রমুখ।

এবিএস