ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসেনকে গুলি করার ঘটনায় দায়ের মামলায় কালীগঞ্জ পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বুধবার দুপুর দেড়টার দিকে এ আদেশ দেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর কালীগঞ্জ শহরের আড়পাড়ায় আওয়ামী লীগের দু’গ্রপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।
এ সময় পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান তার লাইসেন্স করা পিস্তল ও শর্টগান দিয়ে গুলি ছোড়েন। এতে প্রতিপক্ষের ছাত্রলীগ নেতা সুমন হোসেন গুলিবিদ্ধ হন।
ওই ঘটনার পরের দিন ৩ ডিসেম্বর পৌর মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় কালীগঞ্জ থানায়।
মামলায় জামিন নেওয়ার জন্য বুধবার দুপুরে পৌর মেয়র কালীগঞ্জে আদালতে হাজির হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসএইচ





