রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ফিদা মুনতাসির সাকের নামের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস এর এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।

তিনি বলেন, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি পুরাতন সিপিইউ, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট, দুটি হার্ডডিস্ক, তিনটি মাউস, দুটি ল্যাপটপ চার্জার, একটি পাসপোর্ট, বিভিন্ন ধরণের ২১টি বই, তিনটি লিফলেট, একটি নোট বই, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট এর স্ক্রীন শট (১ থেকে ৮২ পাতা), ই-মেইল আইডিতে সংরক্ষিত জিহাদ এবং আইএস সম্পর্কিত বিভিন্ন পুস্তকের ফ্রন্ট পেজ এর স্ক্রীন শট।

যুগ্ম কমিশনার বলেন, মুনতাসির জিজ্ঞাসাবাদে জানায় সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময়ে আইএস এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নিজ বাসায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কর্মী সংগ্রহ ও লোকদের আশ্রয় প্রদান করে ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

সে জিজ্ঞাসাবাদে জানায়, ইতিপূর্বে সে হিজবুত তাহরীর সদস্য ছিল, বর্তমানে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও জুনুদ আল তাওহীদ খিলাফাহ নামে আইএস এর আদলে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদী সংগঠন গড়ে তুলেছে।

তার সহযোগী ১০/১২ জন অজ্ঞাত নাম আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যদের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়ে মধ্য প্রাচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস এর সদস্য সংগ্রহ এবং কর্মপরিকল্পনা নির্ধারণ করার জন্য বৈঠক করছিল।

তিনি বলেন, বর্তমান দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের মাধ্যমে আইএস কর্তৃক নির্দেশিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন তথ্য প্রচার করে থাকে।

এ ছাড়া গোপনে অর্থ, অস্ত্র ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার অবনতি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যা ইত্যাদির মাধ্যমে আইএস এর খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে। তাদের সংগঠনের অনেক সদস্য বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৎপর রয়েছে।

এমকে