রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভেতর প্রবেশ করে নিলয় নীল (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে ওই এলাকার ১৬৭ নম্বর বাসার ৫ম তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নিলয়ের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, স্থানীয় ও পরিচিত লোকজন বলছেন-নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন। তবে আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই।

নিলয় নীল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম। তিনি আরো বলেন, নিলয়ের ব্লগ ও ফেসবুক খতিয়ে দেখা হচ্ছে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “নিলয় আমাদের সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত ব্লগেও লিখতেন।

জুমার নামাজের পর বাসা দেখার নাম করে কয়েকজন ঢুকে তাকে খুন করে বলে জানান ইমরান।  

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় জঙ্গিদের হাতে নিহত হন ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়। এসময় তার স্ত্রীও আহত হন।

এর ঘটনার মাসখানেক পর ৩০ মার্চ তেজগাঁওয়ে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে।

এরপর ১২ মে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।

এসএইচ