রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অস্ত্রসহ এক চরমপন্থি নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে চরমপন্থিদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। বন্দুকযুদ্ধে দুই এসআইসহ চার পুলিশ গুরুতর আহত হয়।

গ্রেফতারকৃতের নাম কুদ্দুস মন্ডল। সে ঝিনাইদহের শৈলকুপা থানার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ীর ক্যানেল পাড়ের বাসিন্দা।

কুদ্দুস দক্ষিণ অঞ্চলের নিষিদ্ধ চরমপন্থি দল এমএল (লালপতাকা) দলের প্রধান।

পাংশা থানা ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, সোমবার দিবাগত রাতে চরমপন্থি নেতা কুদ্দুসকে গ্রেফতার করা হয়। কুদ্দুসের স্বীকারোক্তির পর থানা পুলিশ কসবামাজাইল ইউনিয়নে বিশেষ অভিযান চালায়।

এ সময় চরমপন্থিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে পাংশা থানার চার পুলিশসহ চরমপন্থি নেতা গুলি বিদ্ধ হয়। পরে ওখান থেকে একটি ওয়ান শ্যুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, তার বিরুদ্ধে পাংশা থানায় একাধিক চাঁদাবাজি মামলাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ