অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি ১১ শিশু-কিশোরের ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখা দিয়ে ভারত অংশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরেশ মন্ডল বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মুদ্দিনের নিকট তাদের হস্তান্তর করেন।

আটক হওয়া ১১ শিশু-কিশোর ২০১০ সাল থেকে ২০১৪ ইং সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ভারতে সাজা ভোগ করেন। এরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফের নিকট ধরা পড়েন। এরা সবাই শোভায়ন অবজারভেশন হোম বালুরঘাটে ছিলেন।

ফেরত আসা শিশু-কিশোররা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার লালাদিঘি গ্রামের সুধীর মার্ডির ছেলে বিকাশ মার্ডি (১২)। নাটোর জেলা সদরের উত্তর বড়গাছা গ্রামের ফজলুর রহমানের ছেলে হাসিবুল হাসান পারভেজ (১৮)। ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নবিনগর উপজেলার লেফৈতেহপুর গ্রামের আজিজুল হকের ছেলে আবু কাওছার (১৮)।
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ঘোষাইল গ্রামের সেকেন্দার আলীর ছেলে আকাশ (১১)। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অচিন্তপুর গ্রামের হানিফ মন্ডলের ছেলে হামিদুল মন্ডল (১৮)। চট্টগ্রাম জেলার গুনাগাড়ি উপজেলার ইলসা গ্রামের হাফিজ আহম্মেদের ছেলে জুনাইদ আহম্মেদ (১৩)। দিনাজপুর জেলা সদরের ছোটগুলগুলা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১১)।

সুনামগঞ্জ জেলা সদরের কাটাবাজার গ্রামের আরাফাত আলীর ছেলে রুবেল (১৫)। ঢাকা জেলার রামপুরা উপজেলার খিলগাও রেলগেট গ্রামের মিরাজের ছেলে শাওন (১২)। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মাস্টারপাড়া গ্রামের মিরাজ খানের ছেলে সুমন হোসেন (১৮)। বগুড়া জেলা সদরের লালগ্রাম মধ্যপাড়া গ্রামের সামছুর শেখের ছেলে সোহেল শেখ (১৭)।

ফেরত আসা শিশু-কিশোররা জানান, তারা খেলার ছলে ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ার নিকট গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
ভারতের বালুরঘাট চাইল্ড ল্যান্ডের কোঅর্ডিনেটর সুরুজ দাশ বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে তারা ধরা পড়েন। এর পরে আদালতে বিচার শেষে তাদের সাজা দেওয়া হয়। বয়সে তারা ছোট হওয়ায় তাদের শুভায়োন হোমে রাখা হয়।
পরে ভারত বাংলাদেশের হাই কমিশনের মাঝে আলোচনার পর আজ তাদের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

বাংলাহিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মুদ্দিন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক ১১ বাংলাদেশি শিশু-কিশোরের সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ আজ তাদের আমার নিকট হস্তান্তর করেন। পরে প্রক্রিয়া শেষে তাদেরকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শিশু-কিশোরদের হস্তান্তরের সময় সীমান্তের শূন্যরেখায় ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান, বাংলাদেশের বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল হামিদসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে ভারত থেকে ফেরত আসা শিশু-কিশোরদের অভিভাবকরা তাদের ছেলে সন্তানদের ফেরত পেয়ে আবেগপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই