গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত করোনাভাইরাস টেস্ট কিটের কার্যকারিতা পরীক্ষা কাজ শেষ করে এনেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বর্তমানে কিটের পরীক্ষার ডাটা প্রসেসিংয়ের কাজ চলছে।

এই কাজ শেষে চলতি সপ্তাহে ওষুধ প্রশাসনে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএমএমইউ।

শনিবার (০৬ জুন) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

উপাচার্য বলেন, “এখনও পরীক্ষার কাজ শেষ হয়নি। ডাটা প্রসেসের কাজ চলছে। রেজাল্ট হলে আমাকে জানাবে। তারপর আমরা জমা দেবো। আশা করছি, এ সপ্তাহ শেষে রিপোর্ট জমা হবে।”

উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর নিয়ে শুরু থেকে নানা টানাপড়েন শুরু হয়। অনেক বিতর্কের পরে গত ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতর থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বা আইসিডিডিআর, বি-তে উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেওয়া হয়।

এরপর গত ১৩ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ প্রথম দফায় কিট জমা দেয় গণস্বাস্থ্য। একইসঙ্গে পরীক্ষা খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেয় তারা। এরপরও কিটের কার্যকারিতা পরীক্ষার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্র।

এমবি