হঠাৎ করে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন রুটে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি রুট দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার রাত ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝে রাত তিনটার দিকে ফেরি চালু হলেও সকাল ছয়টার দিকে ফের তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, এখনও ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারের অপেক্ষায় প্রায় চার শতাধিক গাড়ি আটকে আছে। তবে এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চালু আছে। ফেরি চলাচল শুরু হলে যানজট কমে যাবে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রাত দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঘন কুয়াশার কবলে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকে আছে চারটি ফেরি।

কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

এছাড়া শরীয়তপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে মঙ্গলবার রাত তিনটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শরীয়তপুর ফেরিঘাটের ম্যানেজার সাত্তার।

জেড