সিলেটের বিশ্বনাথে দৌলতপুর গ্রামে অতিথি বেশে ঘরে ঢুকে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় ওই নারীর মা ও ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার দিকের এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম সুজিনা বেগম (২১)। তাঁর স্বামীর নাম মুরাদ আহমেদ। তিনি যুক্তরাজ্যপ্রবাসী। ছুরিকাঘাতে গুরুতর আহত সুজিনার মা রেজিয়া বেগম (৪৫)

ও ভাই জহির উদ্দিন (১২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিষ্টি নিয়ে অজ্ঞাতনামা চার ব্যক্তি দৌলতপুরের ওই বাসায় আসেন। এ সময় অতিথিরা নিজেদের সুজিনার মৃত বাবা আবদুর রউফের আত্মীয় বলে পরিচয় দেন। এরপর মা রেজিয়া বেগম তাঁদের বসতে দিয়ে সেমাই এনে খেতে দেন। তখন অতিথি বেশে আসা হামলাকারীরা রেজিয়া বেগমকে ছুরিকাঘাত করতে শুরু করে। তিনি চিৎকার করলে ঘরের ভেতর থেকে সুজিনা ও জহির সামনে আসেন। তখন, হামলাকারীরা সুজিনা ও জহিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সুজিনা মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নূর উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সুজিনার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। হত্যা রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।