মাইক্রোবাসে অপহরণকালে ৩ শিশুকে উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক নারীসহ মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকা থেকে ওই তিন শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা শিশুরা হলো- রাহিমা (৮), ছানিয়া (৭) ও আয়েশা (৬)। তাদের বাবার নাম ময়নুল ইসলাম। তিনি বগুড়ার সোনতলা উপজেলার সাকোইল গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাইক্রোবাস চালক শহীদুল (৩৫) এবং মোর্শেদা (৩৮) নামে এক নারী। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার এএসআই দেলোয়ার হোসেন বনানী এলাকায় বগুড়া কাস্টমস্ অফিসের সামনে সাদা রংয়ের একটি মাইক্রোবাস আটক করেন। এরপর মাইক্রোবাস থেকে অপহৃত ৩ শিশুকে উদ্ধার করে পুলিশ। এ সময় চালক ও এক নারীকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো চ- ১১-৬৮৩৫) আটক করা হয়।

এই তিন শিশু তাদের দাদা-দাদির সঙ্গে সোনাতলার সাকোইল গ্রামে থাকে। একদিন আগে এই ৩ শিশু গাইবান্ধা জেলার গোবিন্দঞ্জে তাদের দাদির ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে শুক্রবার বেলা ৩টার দিকে তাদের মাইক্রোবাসে তোলা হয়। শিশুদের বলা হয় তাদের বাবা-মা তাদের গাজীপুরের চান্দুরায় নিয়ে যেতে বলেছে।

উদ্ধার হওয়া শিশু রাহিম জানায়, তারা ৩ জন ভাই-বোন। তাদের বাবা ময়নুল ইসলাম এবং মা রুমা খাতুন গাজীপুরের চান্দুরা এলাকায় একটি গার্মেন্সে চাকরি করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ধারণা করা হচ্ছে শিশুদের ভুল বুঝিয়ে অপহরণ অথবা পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

জেআই