রবিবার (৫মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। আর সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, বিস্ফোরণের পরপর গ্যাসের গন্ধ ছড়ায়। বিস্ফোরণের পর প্রথমে কিছু দেখতে পারছিলাম না। সব কিছু ধোয়ায় আচ্ছন্ন ছিল। তারপর আমরা মানুষকে উদ্ধারে নেমে গেলাম।
আরেকজন জানান, হঠাৎ তিন তলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পাই। বিস্ফোরণের কারণে গ্লাস ভেঙে পড়ছিল। পরে আহত দুজনকে রিকশায় তুলে দিয়েছি। পরে তাদের কি হয়েছে আর বলতে পারছি না। ওই ভবনের নিচতলার একজন দোকানদার বলেন, আমি মাত্র এসেছি। আমার দোকান অক্ষত আছে।
এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সামনের মিরপুর রোডের দুই পাশে উৎসুক জনতা ভিড় করেছেন। অনেকেই তাদের পরিচিত কেউ আটকা আছে কিনা খুঁজতে এসেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে গেছে।
ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, আমরা ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। কোনো আলামত যাতে নষ্ট না হয় সে পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে রোববার হওয়ায় রাস্তায় ব্যাপক গাড়ির চাপ। আমরা রাস্তার একপাশ খুলে দিয়েছি। যাতে যানবাহন চলাচল করতে পারে।
এ ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউমার্কেট থানার ইন্সপেক্টর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সাইন্সল্যাবে একটি ভবনে আগুন লাগার খবর পেয়েছি। চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
জানা গেছে, ভবনটিতে বিস্ফোরণের কারণে আশপাশের সবগুলো মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়া বিস্ফোরণের কারণে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের কারণে যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে রাস্তার একপাশ দিয়ে যানচলাচল করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে দশটার দিকে ভবটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় চারিদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ধোঁয়া থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল বলেও জানিয়েছেন অনেকে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণের সময় তৃতীয় তলায় ২০ জনের মতো মানুষ ছিলেন। তবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ওই ভবন ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এনএইচ





