সুনামগঞ্জের দোয়ারাবাজার বাঁশতলা সীমান্ত এলাকায় অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য সুদীপ্তকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের ১২৩২ নং আর্ন্তজাতিক পিলার এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ২৮ বিজিবির সুবেদার মোস্তাফিজুর রহমান এবং ভারতের পক্ষে বিএসএফের কোম্পানি কমান্ডার রঞ্জিত রায় নেতৃত্ব দেন।
এর আগে, দুপুর ১টার দিকে ১২৩২ নং আর্ন্তজাতিক পিলার এলাকায় বিএসএফ সদস্য সুদীপ্ত অস্ত্রসহ বাংলাদেশ অভ্যন্তরের বাঁশতলা এলাকায় প্রবেশ করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্য সুদীপ্তকে অস্ত্রসহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ





