ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চার-দেশীয় শিল্পাঞ্চল (বিবিআইএন) গড়ে তোলা হবে। আর এই শিল্পাঞ্চলের সদর দফতর পঞ্চগড়ে করার পরিকল্পনা আছে।

সোমবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পঞ্চগড়ের বিভিন্ন সম্ভাবনাময় দিক তুলে ধরে মাতলুব আহমেদ বলেন, বাংলাদেশের পঞ্চগড়, ভুটানের ফুয়েন্টসলিং, ভারতের শিলিগুড়ি এবং নেপালের বিরাটনগর এলাকাজুড়ে চার-দেশীয় এই শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

মতবিনিময় সভায় পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি এবিএম কামরুজ্জামান শাহানশাহ, পঞ্জগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম ও সাংবাদিক সাইফুল আলম বাবু বক্তব্য দেন।

এর আগে মাতলুব আহমেদ স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বরে নিটল-নিলয় গ্রুপের তিন দিনব্যাপী টাটা গ্র্যান্ড মেলার উদ্বোধন করেন।

পরে তিনি পঞ্চগড় চেম্বার ভবনে ব্যবসায়ী নেতা, পঞ্চগড় পৌরসভায় নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলর এবং পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। এ সময় তিনি পৌরসভায় একটি টাটা পিকআপ ভ্যান এবং প্রেসক্লাবে পাঁচ লাখ টাকার অনুদান দেন।

তিন দিনব্যাপী টাটা গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট মাতলুব আহমাদ বলেন, পঞ্চগড়ে পাথর নিয়ে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তোলা সম্ভব। প্রয়োজনে আমি নিজেই এসব শিল্প-কারখানার অংশীদার হবো।

আগামী জুনের মধ্যেই বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালু করতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন মাতলুব আহমাদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী, জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এবং নিটল মটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাক আহমেদ বক্তব্য দেন।

এসএইচ