৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়ে গেছে। আর্ন্তজাতিকভাবে বর্তমান পার্লামেন্টের কোনো মানই নেই বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রোববার তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান পরিস্থিতি ও কর্মসূচি প্রসঙ্গে মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময়কালে মাহমুদুর রহমান মান্না একথা বলেন।
মান্না বলেন, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ হচ্ছে প্রচণ্ডভাবে। গণমাধ্যমেকে সঠিকভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। তবে এত কিছুর পরও যে গণমাধ্যম সাহসী ভূমিকা রাখতে পারছে তা সত্যিই প্রশংসনীয়।
এক প্রশ্নের উত্তরে মান্না বলেন, সরকারকে কেউ গায়ের জোরে সংলাপ করতে বলছে না। তিনি বলেন, দেশের প্রয়োজনে এই সংলাপ করতে হবে। কারণ মানুষ শান্তি চায়। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে সরকারের বক্তব্যে জনগণ আর আস্থা রাখতে পারছে না।
তবে দুইটি দলের মধ্যেই যেন সংলাপ সীমাবদ্ধ না থাকে সে ব্যাপারে সতর্ক করেছেন তিনি।
আগামীকাল বিকাল চারটায় প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক ঐক্যের গণমিছিলে সবাইকে অংশ নেয়ার আহবান জানান মান্না। নাগরিক ঐক্যের এই গণমিছিলে বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেনসহ বিশিষ্টজনেরা অংশ নেবেন।
কেএইচ/জেআই





